ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে আয়োজিত এক আনুষ্ঠানিক অধিবেশনে পর্যায়ক্রমে শপথ নেন তাঁরা। এর মধ্য দিয়ে দেশটির নতুন পার্লামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শপথ গ্রহণ শেষে নেসেটের সচিব নতুন সংসদের সদস্যদের অভিনন্দন জানান এবং ২৬তম পার্লামেন্টের সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত আইনপ্রণেতারা করতালির মাধ্যমে নতুন পার্লামেন্টের যাত্রাকে স্বাগত জানান। এবারের শপথ অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসেন সবার শেষে শপথ নেওয়া চার নবনির্বাচিত সদস্য। তাঁদের মধ্যে তিনজনের ব্যক্তিগত জীবনের সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার স্মৃতি ও ক্ষতি গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাঁদের একজন মধ্যপন্থি ইয়াশার দলের শিরা শাপিরো। ৭ অক্টোবরের হামলায় তাঁর ছেলে আনের শাপিরো নিহত হন। আরেকজন ইসরায়েল বেইতেনু দলের শ্যারন শারাবি। ওই দিন কিবুতজ বেইরি থেকে তাঁর দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ইয়োসি বন্দিদশায় প্রাণ হারান।
একই অনুষ্ঠানে শপথ নেওয়া নতুন সদস্য নোয়াম তিবন ইয়াশার দলের রাজনীতিক এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক জেনারেল। ৭ অক্টোবর হামলার সময় তিনি নিজেই নাহাল ওজ এলাকায় ছুটে যান। পরে সেখান থেকে নিজের ছেলে ও তাঁর পরিবারকে উদ্ধার করেন।
অন্যদিকে, শেষ পর্যায়ে শপথ নেওয়া চতুর্থ সদস্য এরেজ তাদমোর ডানপন্থি লিকুদ দলের রাজনীতিক। তিনি ইসরায়েলের ডানপন্থি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ‘ইম তিরতজু’র প্রতিষ্ঠাতা।
নতুন পার্লামেন্টের শপথ অনুষ্ঠানে ৭ অক্টোবরের হামলার স্মৃতি ও এর প্রভাব বিশেষভাবে উঠে আসে। চার নবনির্বাচিত সদস্যের ব্যক্তিগত অভিজ্ঞতা ইসরায়েলের রাজনীতিতে ওই হামলার দীর্ঘস্থায়ী প্রভাবের বিষয়টিও সামনে এনেছে।
তথ্যসূত্র: রয়টার্স, দ্য টাইমস অব ইসরায়েল
(ইন্টারন্যাশনাল ডেস্ক)।



