সীমান্ত জেলাগুলোতে কড়া নজরদারির নির্দেশ

সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশ ঠেকাতে দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে কারা যাওয়া-আসা করছে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের সীমান্ত জেলার সব পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের নিয়ে ভার্চুয়ালি আয়োজিত এক উচ্চপর্যায়ের বিশেষ বৈঠকে এ কঠোর বার্তা দেওয়া হয়।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে ঢুকে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মঙ্গলবারের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে এবং এর পুনরাবৃত্তি ঠেকাতে আইজিপি কঠোর নির্দেশনা দেন। বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানান, ওই সভায় সরাসরি উপস্থিত থাকা এক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজনৈতিকখবর পড়ুন

বৈঠকে সাম্প্রতিক দেশব্যাপী নাশকতা ও সহিংসতার চিত্রও উঠে আসে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির নামে গত ২৪ ঘণ্টায় দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন এবং রাজধানী ঢাকাসহ ছয়টি জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি সাম্প্রতিক সহিংসতাপ্রবণ গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বাড়তি পুলিশ মোতায়েন ও অতিরিক্ত ফোর্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের কাছে নাশকতাকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের অগ্রগতি জানতে চাওয়া হয়।

বৈঠকে আইজিপি দেশজুড়ে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করার তাগিদ দেন। একই সঙ্গে নাশকতার মূল ইন্ধনদাতা ও অর্থদাতাদের দ্রুত শনাক্তের নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এলাকায় কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা ঢালাও গণগ্রেপ্তারের শিকার না হন, সে বিষয়ে পুলিশ সুপারদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বৈঠকে যানবাহনে আগুন দেওয়ার একটি নতুন কৌশল নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জানা গেছে, যাত্রীবেশে ট্যাবলেটের মতো রাসায়নিক গুঁড়া বা পদার্থ বাসের মেঝেতে ফেলে পা দিয়ে ঘষে স্বয়ংক্রিয়ভাবে আগুন লাগানো হচ্ছে। এ ছাড়া বীমার টাকা আদায়ের উদ্দেশ্যে কেউ কৌশলে যানবাহনে আগুন দিচ্ছে কি না, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি অভিযানে নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের কাউন্সিলিং এবং দায়িত্বে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

(ডেস্ক রিপোর্ট)।