বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জেরিকা তাসনিম দিশাকে (১৯) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকার কাফরুল থানাধীন নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান জেরিকা তাসনিম দিশা। এছাড়াও ঘটনার আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এ গিয়েছিলেন।
এতে আরও বলা হয়, একটি মোটরসাইকেল গ্যারেজে এই মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও দিশাকে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে। এছাড়া ভিকটিম তাহসিফের সঙ্গে দিশা রেস্টুরেন্টে অবস্থানসহ মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছিলেন। নিহত তাহসিফের মোবাইল কললিস্ট (সিডিআর) পর্যালোচনায় দেখা যায়, ঘটনার আগে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনালাপের প্রমাণ রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য ক্রস-চেক (মুখোমুখি যাচাই) করার জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আশঙ্কা প্রকাশ করেন, দিশা জামিনে মুক্তি পেলে পালিয়ে গিয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন।
এর আগে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করা হয়, যিনি আদালতের আদেশে চার দিনের রিমান্ডে নৌ পুলিশের হেফাজতে রয়েছেন।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরি ভাসমান লাশ গত বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।
তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হওয়ার আগে তাহসিফ ও তার বন্ধু দীপ উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে গিয়েছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও দীপের সঙ্গে ২৪-২৫ বছর বয়সী ওই তরুণীও (দিশা) মোটরসাইকেলে করে সেখানে আসেন। তারা বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটানোর পর রাত ১১টা ৫১ মিনিটে একসঙ্গে বের হয়ে যান। এরপর থেকেই ওই রহস্যময় তরুণীকে খুঁজছিল পুলিশ।
তাহসিফের লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের পর তার বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তাহসিফের বন্ধু দীপকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং টঙ্গী নৌ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
দীপের দেওয়া তথ্যে নানাবিধ অসঙ্গতি পাওয়ায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর দিশাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ঘটনার রাতে তাহসিফের শেষ মুহূর্তের অবস্থান ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে নৌ পুলিশ।
(ডেস্ক রিপোর্ট)।



