ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর দুর্ঘটনার আগমুহূর্তের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। হেলিকপ্টারের এক যাত্রীর ধারণ করা আত্মচিত্র ভিডিওতে উড্ডয়নের প্রস্তুতির সময় হাসিমুখে দেখা গেছে ৪১ বছর বয়সী প্রতাপ বাচিহাল্লি নিঙ্গারাজুকে।

বদ্রীনাথের হেলিপ্যাড থেকে দেরাদুনের উদ্দেশে যাত্রা শুরুর আগে ভিডিওটি ধারণ করা হয়।

দুর্ঘটনায় নিঙ্গারাজুসহ পাঁচ যাত্রী এবং হেলিকপ্টারের চালক হিমাংশু সাবরওয়াল নিহত হয়েছেন। অন্য চার যাত্রী হলেন অরুণ সালুনখে, সুধীর কে, এইচএস নটরাজ ও শঙ্করগৌড়া ভিবি। পাঁচ যাত্রীর সবাই ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন। অন্যদিকে চালক সাবরওয়ালের বাড়ি দিল্লিতে।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড পরিচালিত হেলিকপ্টারটি শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিটের দিকে তুষারপাতের মধ্যে উড্ডয়ন করে। এরপর হাতি পর্বত এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে যোশিমঠের চায়ি গ্রামের কাছে একটি পাহাড়ের ঢালে সেটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার প্রাথমিক মূল্যায়নের জন্য ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা দেরাদুনে একটি তদন্ত দল পাঠিয়েছে।

প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

গত ১০ বছরে উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩টিতে। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ঘটে যাওয়া এসব দুর্ঘটনার মধ্যে ছয়টিতে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন। বাকি সাতটি দুর্ঘটনায় কেউ নিহত হননি।

(ইন্টারন্যাশনাল ডেস্ক)।