বিচারকাজ থেকে আব্দুল মান্নানকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

অসৌজন্যমূলক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। এর ফলে তিনি আপাতত কোনো বিচারিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির দপ্তর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রধান বিচারপতির দপ্তর সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল কুমিল্লায় একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি আব্দুল মান্নান অপেশাদারসুলভ আচরণ করেন। সেখানে এপেক্স ক্লাবের একটি নির্বাচন বন্ধ করতে গিয়ে তিনি উপস্থিত লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন।

সেই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রেখে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের মর্যাদা রক্ষায় এই কঠোর অবস্থান নিয়েছেন প্রধান বিচারপতি। সম্প্রতি প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে রাখা হয়নি। তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি মো. আব্দুল মান্নান। উচ্চ আদালতে যোগ দেওয়ার আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। (ডেস্ক রিপোর্ট)।