বিতর্কিত আউট না হলে ১৯০ রান হতো- দাবি পাকিস্তান অধিনায়কের

গ্রুপ পর্বে হ্যান্ডশেক কেলেঙ্কারির পর এশিয়া কাপের সুপার ফোরে নতুন ইস্যু খুঁজে পেয়েছে পাকিস্তান। ওপেনার ফখর জামানের একটি বিতর্কিত আউট নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা দাবি করেছেন, ফখরকে আম্পায়ার ওই বিতর্কিত আউট না দিলে তারা ১৯০ রানের স্কোর গড়তে পারত! গতকালের ম্যাচে মাত্র ৮ বলে ৩ চারে ১৫ রান তুলে ফেলেছিলেন ফখর। এরপরহার্দিক পান্ডিয়ার একটি স্লোয়ার ডেলিভারি তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যায়। কিপার সঞ্জু স্যামসন সামনে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে সিদ্ধান্ত দেন—বল মাটিতে লাগেনি, সোজা গ্লাভসবন্দি হয়েছে। কিন্তু সালমান আগার দাবি, বলটি উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে লেগেছিল। ম্যাচ শেষে সালমান বলেন, ‘আমি সিদ্ধান্ত সম্পর্কে জানি না। এটা স্পষ্টতই আম্পায়ারের কাজ। আম্পায়াররা ভুল করতেই পারেন। আর এতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু মনে হচ্ছে কিপারের কাছে যাওয়ার আগেই এটি লাফিয়ে উঠেছিল। আমি ভুলও হতে পারি। সে (ফখর) যেভাবে ব্যাটিং করছিল, যদি সে পুরো পাওয়ারপ্লে খেলতে পারত, তাহলে আমরা সম্ভবত ১৯০ রান করতাম। কিন্তু হ্যাঁ, এটা আম্পায়ারের সিদ্ধান্ত।’ যদিও ওই আউটের পরও ১০ ওভারে ৯১ রান তুলে ফেলে পাকিস্তান। এরপরই ছন্দ হারিয়ে তারা আটকে যায় ১৭১ রানে। ভারত ৬ উইকেট এবং ৭ বল হাতে রেখে আয়েশ করে ম্যাচ জিতে নেয়। তাই ১৯০ রান করলেই যে ভারতকে আটকানো যেত- সালমানের এমন দাবি ধোপে টিকছে না। পাকিস্তানের সাবেকরাও ওই বিতর্কিত আউটকে বড় কর দেখছেন না। বরং সমালোচনা করছেন সালমানদের পারফর্মেন্সের। যদিও সালমান আগা ভারতের বিপক্ষে দলের ব্যাটিং নিয়ে খুশি, ‘আমরা আজ (গতকাল) ব্যাটিং ভালো করেছি, এবং এটা একটা ইতিবাচক দিক। আমাদের শুরুটা যেভাবে ছিল, তাতে আমরা আরও ১৫ রান করতে পারতাম। কিন্তু দশ ওভারের পর বল নরম হয়ে গেলে ব্যাট করা এত সহজ হয় না। কিন্তু পাওয়ারপ্লেতে আমরা ভালো বোলিং করতে পারিনি এবং শাস্তি পেয়েছি। কিন্তু আমাদের নিশ্চিত করা উচিত ছিল যে স্কোরবোর্ডে অন্তত ১৮০ রান থাকবে।’ (মোজাম্মিল হোসেন)