সাভারে সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করল দুর্বৃত্তরা

সাভারে পৌর এলাকার কোটবাড়ী মহল্লায় দুর্জয় মিয়া (৪০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) সকালে সাভার পৌরসভা এলাকার কোটবাড়ি মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, নিহত দুর্জয় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে। তিনি সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লার আবুল হোসেনের বাসায় ভাড়া থেকে রাজধানীর কারওয়ান বাজারে সবজির ব্যবসা করতেন।নিহতের স্ত্রী বিলকিস জানান, দুর্জয় গতকাল সোমবার রাত ১১টার দিকে কারওয়ান বাজার থেকে বাসায় ফিরে খাবার খান। পরে রাত ১টার দিকে সিগারেট কেনার জন্য দোকানে গিয়ে আর বাসায় ফেরেননি। পরে সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে এবং পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।প্রতিবেশী নজরুল ইসলাম বলেন, ‘সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয় মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে স্বজনরা গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে এবং পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।সাভার মডেল থানার এসআই কাদের শেখ জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।তবে কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে এবং হত্যার কারণ অনুসন্ধানসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।(মোঃ মিছবাহ উদ্দিন)