সংগ্রাম অনলাইন: প্রচণ্ড শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন রাফায়েল কিউবায় আঘাত হেনেছে।
গতকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্যাটাগরি-৩ হারিকেনটি কিউবার উপকূলে আছড়ে পড়ে। এর আগে ঝড়টির বাতাসের তোপে দেশটির বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, হারিকেন রাফায়েলের প্রভাবে ‘জীবনহানিকর জলোচ্ছ্বাস’, তীব্র বেগে বাতাস, আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। যেটিতে প্লাবিত হতে পারে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল। কিউবায় পৌঁছার আগে হারিকেন রাফায়েলের প্রভাবে ক্যামেন দ্বীপপুঞ্জ এবং জ্যামাইকায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়।
এই হারিকেনটি কিউবার জন্য একটি দুঃসংবাদ। কারণ মাত্র দুই সপ্তাহ আগেই দেশটিতে আঘাত হেনেছিল শক্তিশালী আরেকটি হারিকেন। সেটির প্রভাবে কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছিল। এছাড়া প্রাণ হারিয়েছিলেন ছয় বাসিন্দা।
পূর্ব সতর্কতার অংশ হিসেবে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
সূত্র: বিবিসি
(মাহবুবুল ইসলাম)



