অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিমা খাতে যখনই হাত দিয়েছেন, সব ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে। ব্যাংকিং সিস্টেমটা যে জায়গায় গিয়েছে, ইনস্যুরেন্সও কিন্তু একই জায়গায় গেছে।’
আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘যখনই ইনস্যুরেন্স সেক্টরে হাত দিলাম, দেখলাম যে একই অবস্থা। ইনস্যুরেন্স কোম্পানিগুলো অর্থের অপব্যবহার (মিসইউজ) করেছে। তারা গ্রাহকের ক্লেইম পেমেন্ট করছে না, কিন্তু নিজেরা প্রপার্টি কিনেছে। নিজেরা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে, পার্সোনালি ইনভেস্টমেন্ট করছে, আবার ইনস্যুরেন্সের টাকাও ইনভেস্টমেন্ট করছে। মানে, কী যে একটা অবস্থা!’
বিমা খাতে অনিয়মের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ বিমা সুরক্ষা ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে। পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকারের রাজস্ব আসছে না, বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।’
আমীর খসরু বলেন, ‘আমরা যখন এসব বিষয়ে হাত দিচ্ছি, তখন অনেক সমস্যা সামনে আসছে। শুধু বিমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে।’
দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ‘লোকাল এলসির’ তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’-এর উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
(ডেস্ক রিপোর্ট)



