চলতি সপ্তাহে ঢাকা সফর করছেন যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের বাণিজ্য দূত ব্যারনেস উইন্টারটন অব ডনকাস্টার। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরো সুদৃঢ় ও সম্প্রসারণের লক্ষ্যে তার এ সফর। এ নিয়ে এক বছরে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করছেন উইন্টারটন অব ডনকাস্টার। তার এবারের সফরে গুরুত্ব পাচ্ছে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, অ্যাভিয়েশন ও প্রতিরক্ষা খাত।
সফরকালে ব্যারনেস উইন্টারটন মন্ত্রী এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বাণিজ্য দূত বাংলাদেশে কর্মরত ব্রিটিশ কোম্পানিগুলোর প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা হবে।
এছাড়া ব্যারনেস উইন্টারটন বাংলাদেশের এমন কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন যারা যুক্তরাজ্যের ‘ডেভেলপিং কান্ট্রিস ট্রেডিং স্কিম’ (ডিসিটিএস) ব্যবহার করে যুক্তরাজ্যে পণ্য রফতানি করে। বাংলাদেশ ডিসিটিএসের আওতায় শুল্কমুক্ত সুবিধার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ। এর মাধ্যমে ব্রিটিশ ভোক্তাদের প্রতিযোগিতামূলক মূল্যে উচ্চমানের পণ্য সরবরাহ করার পাশাপাশি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সফর প্রসঙ্গে বাণিজ্য দূত ব্যারনেস উইন্টারটন বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও ঐতিহাসিক অংশীদারত্ব রয়েছে এবং আমরা বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের মাধ্যমে ক্রমাগত উপকৃত হচ্ছে। আমি উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন সুযোগগুলো খুঁজে বের করার লক্ষ্যে সরকারের নীতি-নির্ধারক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছি।’
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিই যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি। এক বছরের মধ্যে ব্যারনেস উইন্টারটনের তৃতীয় সফর প্রমাণ করে যে আমরা এ অঙ্গীকারকে কতটা গুরুত্ব দিই।’ (অনলাইন ডেস্ক)



