আজারবাইজানের বাকু থেকে খোকন চন্দ্র গোপঃ জলবায়ু সংকট মোকাবিলার জন্য ধনী দেশগুলোর কাছে প্রতি বছর ২৫০ বিলিয়ন ডলার করে সহায়তা চেয়েছে দরিদ্র দেশগুলো। আজারবাইজানের বাকুতে শুক্রবার কপ-টোয়েন্টি নাইনের সমাপনী অধিবেশনে নতুন এ খসড়া চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা জন্য নির্ধারিত সময়ে পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় অধিবেশনটি। খবর রয়টার্সের।
প্রস্তাবটিতে বলা হয়, ২০৩৫ সাল পর্যন্ত উন্নত দেশগুলো প্রতি বছরে ২৫০ বিলিয়ন ডলার সহায়তা দেবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলো সে অর্থ ব্যবহার করবে।
যেসব দেশের সরকার এই অর্থায়নে নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে— ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, জাপান, নরওয়ে, কানাডা, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড।
এদিকে, উন্নত দেশগুলোর পক্ষ থেকে প্রস্তাবটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি বলেন, ‘ইউরোপীয় দেশগুলো জলবায়ু সংকট মোকাবিলার জন্য তহবিল দিতে প্রস্তুত রয়েছে। তবে আলোচনা ছাড়া অর্থায়ন করবে না তারা।’
জলবায়ু খাতে অর্থায়নের জন্য একটি বাস্তবসম্মত নতুন পদ্ধতিরও আহ্বান জানিয়েছেন তিনি।
তবে ধনী দেশের এমন গড়িমসি আচরণে ক্ষুব্দ প্রতিক্রিয়াও জানিয়েছে কেউ কেউ। পানামার জলবায়ু পরিবর্তনের বিশেষ প্রতিনিধি জুয়ান কার্লোস মন্টেরে গোমেজ বলেন, ‘আমি খুবই ক্ষিপ্ত। এটা হাস্যকর। শুধুই হাস্যকর। এটা প্রমাণ করে যে, উন্নত দেশগুলো চায় পৃথিবী নামক গ্রহটি পুড়ে যাক।’



