মজুরি বাড়ানো নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ এবং চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৩০টি কারখানায় একদিনের জন্য ছুটি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর অনেক কারখানায় শ্রমিকেরা দলে দলে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। অন্যদিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-গাজীপুর সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে গাজীপুরের শিল্প এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৩০টি কারখানায় একদিনের জন্য ছুটি দেয়া হয়েছে। মহাসড়কের কয়েকটি স্থানে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাদের সরিয়ে দেয়া হয়।’
শিল্পাঞ্চলের পরিস্থিতি ও উৎপাদন স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
(ডেস্ক রিপোর্ট)



