খুলনা নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন স্থানে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নিরাপত্তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। খুলনা মহানগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার আগে তাঁর সাথে হামলাকারীদের ধস্তাধস্তিও হয়। এ ছাড়া নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি এবং দ্যা পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সাথে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দরজায় গুলির চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি আরও জানান, সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।
এদিকে, দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ার ঘটনা ঘটে। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।
অন্যদিকে, বিকেলে নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করেও গুলি চালায় দুর্বৃত্তরা। চাঁদা দাবিতে হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে রেস্টুরেন্টটি চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে গুলির ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। তিনি বলেন, চাঁদাবাজদের ভয়ে এতদিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার সেটি চালু করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল বলেও জানান তিনি।
একই দিনে মহানগরীর তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে পুলিশের নিরাপত্তার আশ্বাসে চালু হওয়া রেস্টুরেন্টে কয়েক ঘণ্টার মধ্যেই গুলি চালানোর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ধারাবাহিক এসব ঘটনায় দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
(অনলাইন ডেস্ক)


